আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারাল ভারত। বিরাট কোহলির দলকে তিনে ঠেলে র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে এসেছে অস্ট্রেলিয়া। ২০১৬ সালের অক্টোবরের পর এই প্রথম টেস্টে শীর্ষস্থান হারাল ভারত।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও শীর্ষে অজিরা। আর ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুক্রবার আইসিসি র্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদের পর এই পরিবর্তন এসেছে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিবৃতিতে জানিয়েছেন, এই র্যাঙ্কিং হালনাগাদে ২০১৯ সালের মে থেকে দলগুলোর শত ভাগ পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ ভাগ।
টেস্টে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। মাত্র ১ রেটিং পয়েন্ট কম নিয়ে (১১৫) দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ভারতের রেটিং যাদের চেয়ে ১ কম (১১৪)।
এর পরের ধাপগুলোতে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড (১০৫), শ্রীলঙ্কা (৯১), দক্ষিণ আফ্রিকা (৯০), পাকিস্তান (৮৬), ওয়েস্ট ইন্ডিজ (৭৯), আফগানিস্তান (৫৭), বাংলাদেশ (৫৫) ও জিম্বাবুয়ে (১৮)। আয়ারল্যান্ড র্যাঙ্কিংয়ে আসতে পারেনি।
টেস্টে শীর্ষস্থান হারানো ভারত ওয়ানডেতে আছে দ্বিতীয় স্থানে। ১২৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম।
টি-টোয়েন্টিতে ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। ২৬৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ভারত। ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম।
আরো পড়ুন: