রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রচলিত যেসব ওষুধ ব্যবহার করা হয়, তাতে করোনা রোগীদের ঝুঁকি বাড়ে না বলে বিখ্যাত নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিনে (এনইজেএম) প্রকাশিত তিনটি গবেষণা থেকে জানা গেছে।
রক্তচাপের ওষুধের সঙ্গে করোনা ঝুঁকি বাড়ার যোগসূত্র নিয়ে গত মার্চে বেশ আলোচনা হয়। বিভিন্ন প্রাণীদের ওপর পরীক্ষার পর তখন কয়েকটি গবেষণায় দাবি করা হয়, রক্তচাপের ওষুধে কোষ যেভাবে পরিবর্তন হয়, তাতে অসুস্থতার মাত্রা বেড়ে যায়।
কিন্তু এনইজেএম’এ প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, ভাইরাসের তীব্রতার সঙ্গে এসব ওষুধের কোনো সংযোগ নেই।
বিশ্বের হাজার-হাজার মানুষ প্রতিদিন উচ্চ রক্তচাপের ওষুধ নিয়ে বেঁচে থাকেন। যাদের টাইপ ১ অথবা টাইপ ২ ডায়াবেটিস আছে তাদেরও এই ওষুধের প্রয়োজন পড়ে। এমন অনেকেই কভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছেন।
বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের রোগীদের Ramipril, Losartan, Lisinopril and Candesartan ওষুধ বেশি দিয়ে থাকেন চিকিৎসকেরা।
নিউইয়র্ক ইউনিভার্সিটির হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হারমনি রেনল্ডস একটি গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। ১২ হাজার ৬০০ মানুষকে নিয়ে করা সেই গবেষণা শেষে তিনি বলেছেন, ‘করোনায় আক্রান্ত মানুষ যদি বেশি অসুস্থ হন, তাহলে অন্য কারণে হতে পারে। রক্তচাপের ওষুধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
এনইজেএম’র সম্পাদকীয় বিভাগ থেকে বলা হয়েছে, ‘তিনটি ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন মানুষকে নিয়ে করা গবেষণায় আমরা ইতিবাচক ধারাবাহিক বার্তা পেয়েছি।’