করোনার উপসর্গ নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগে গত শুক্রবার সন্ধ্যে সাড়ে ৭ টার দিকে এক নারী মারা গেছেন। মৃত নয়না রায় (৪৫) উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর ভবেরবাজার গ্রামের হরেন্দ্র নাথের স্ত্রী। স্থানীয় হাসকিং মিলে শ্রমিকের কাজ করছিলেন।
শনিবার দুপুরে ভবেরবাজার চাম্পাতলি শ্বাশন ঘাটে লাশ সৎকারের কাজ সম্পন্ন করেন দিনাজপুর কোয়ান্টাম ফাউন্ডেশন সেলের স্বেচ্ছাসেবকরা।
এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী, সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডা. অব্দুল্লা হেল মাফী, ইউপি চেয়ারম্যান অব্দুল ওহাব মন্ডল, পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ, ও আনসার-ভিডিপির সদস্যরা।
গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসার জন্য আসেন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদন রিপোর্ট পাওয়ার আগে গত শুক্রবার ওই নারী মারা যান।
দিনাজপুরের পার্বতীপুরে এই প্রথম করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হলো। দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। স্থানীয়ভাবে তিনি চিকিৎসাও নিচ্ছিলেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী বলেন- নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত আপাতত করোনার পজিটিভ হিসেবে লাশ সৎকার কাজ সম্পন্ন করা হয়েছে। সেই সাথে আশপাশের বাড়িগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে।