জামায়াতের সংস্কারপন্থিদের নতুন দল ‘এবি’ পার্টির আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ করেছে মুক্তিযুদ্ধের বিরোধিতাসহ দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে ভিন্নমত পোষণ করে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা অংশের নতুন রাজনৈতিক দল ‘আমরা বাংলাদেশ পার্টি’ বা এবি  পার্টি। জামায়াতে ইসলামীর সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মনজুকে সদস্য সচিব করে নতুন দলের ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে মেজর (অব.) ডা. আবদুল ওহাব মিনার ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামসহ ৭ জনকে যুগ্ম আহ্বায়ক, ৯ জনকে সহকারী সদস্য সচিব করে ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই দল গঠনে জামায়াতে ভাঙন দেখা দেবে বলে মনে করছেন নতুন দলে যোগ দেওয়া একাধিক জামায়াত নেতা। তারা দেশ রূপান্তরকে বলেন, জামায়াত এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী নতুন দলে চলে আসবেন। নতুন প্রজন্ম মানবতাবিরোধী অপরাধের দায় নিতে নারাজ। তাছাড়া জামায়াতে ইসলামী একটি ইসলামী দল হওয়ার কারণে এখানে সীমাবদ্ধতা অনেক বেশি। তরুণরা নতুন প্ল্যাটফরমের প্রতি আকৃষ্ট হয়েছে। ফলে জামায়াতে ইসলামীতে বড় ধরনের ভাঙন দেখা দেবে। কার্যত তাদের এখন কোনো কর্মসূচি দেওয়ার ক্ষমতাও নেই। গত বছর থেকেই দলটিতে মুক্তিযুদ্ধ ইস্যুতে সুস্পষ্ট বিভাজন দেখা দিয়েছে।

এবি পার্টির মুজিবুর রহমান মনজু গতকাল দেশ রূপান্তরকে বলেন, সব দল থেকেই নেতাকর্মীরা যোগ দিচ্ছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে জামায়াতে ইসলামী এবং শিবির থেকে বেশি আসছেন। জামায়াতের সংস্কারপন্থি গ্রুপে আপত্তি জানিয়ে মনজু বলেন, এটা একটা নতুন দল। আমরা মুক্তিযুদ্ধ এবং ধর্মকে বিতর্কের বাইরে রেখে একটি ওয়েলফেয়ার রাষ্ট্র কীভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করব।

দলের সদস্য সচিব মুজিবুর রহমান মনজু  ছাত্র ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে বলেন, আমাদের সঙ্গে যারা আছেন তারা বয়সে ও মননে সবাই তরুণ। আমরা এ দেশকে নতুন করে পুনর্গঠনের ডাক দিচ্ছি। আগামী এক বছর করোনায় ক্ষতিগ্রস্ত সেক্টরগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তারুণ্য হবে আমাদের পরিবর্তনের হাতিয়ার। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারকে আমরা উন্নয়নের মাধ্যম হিসেবে গ্রহণ করব। মানুষের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য আমরা কার্যকর সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তুলব।

প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে জামায়াত থেকে বেরিয়ে আসা নেতাকর্মী ও সমর্থকদের যে অংশটি ‘জন-আকাক্সক্ষার বাংলাদেশ’ নামের নতুন রাজনৈতিক মঞ্চ গঠন করেছিল, তাদের উদ্যোগেই নতুন এই দল এবি পার্টি। তাদের সঙ্গে যুক্ত আছে দীর্ঘদিন ধরে জামায়াতে উপেক্ষিত নেতাকর্মীদের একটি অংশ।

দলের নাম ঘোষণার পর নবগঠিত দলের আহ্বায়ক সোলায়মান চৌধুরী বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে আমাদের দলীয় গঠনতন্ত্র ও কর্মসূচি প্রণীত হয়েছে। দেশের যেকোনো নাগরিক আমাদের দলের সঙ্গে যুক্ত হয়ে দেশ গঠনে অবদান রাখতে পারেন। সমৃদ্ধ বাংলাদেশ ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই। করোনার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দল গঠন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জে আমরা সফলকাম হব।’

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে দলের সাত দফা কর্মসূচি উপস্থাপন করেন প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার। দলের গঠনতন্ত্র উপস্থাপন করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। এছাড়া ২২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিটির পক্ষে দলের তরুণ নেতা ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া।