ছোট্ট শিশু সুস্থ্ হয়ে ফেরার দিনে ফুফাতো বোনের করোনা শনাক্ত

চট্টগ্রামের চন্দনাইশে করোনাভাইরাসে আক্রান্ত শিশু সুস্থ হয়ে বাড়ি ফেরার দিনে এক কিশোরীর করোনাভাইরাস শনাক্তের খবর মিলেছে।

শনিবার (২ মে) করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছে চন্দনাইশ পৌরসভার এক প্রবাসীর ১০ মাস বয়সী আবির। অপরদিকে একইদিনে চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড কেরানির বাড়ি আবদুস সালামের মেয়ে সাদিয়ার (১৫) করোনা শনাক্ত হয়েছে। ৩ মে রাত সাড়ে ১২টায় সাদিয়ার বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, আক্রান্ত সাদিয়া পূর্বে আক্রান্ত ১০ মাস বয়সী সন্তান শিশু আবিরের ফুফাতো বোন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

বুধবার (২২ এপ্রিল) থেকে শনিবার (২ মে) পর্যন্ত দীর্ঘ ১০ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিশু আবির। করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ায় শনিবার দুপুরে শিশু আবিরকে ব্যবস্থাপত্র দিয়ে বাড়ি ফেরার পরামর্শ দেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক।   

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, ১০ মাস বয়সী শিশু আবির করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ ১০ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলে। সে করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এটা আসলেই স্বস্তির খবর। কিন্তু তার ফুফাতো বোন সাদিয়া করোনা শনাক্তের পর চিন্তিত হয়ে পড়েছি।

অপরদিকে ২৬ এপ্রিল নমুনা সংগ্রহ হওয়া (১৫) বছর বয়সী কিশোরীর দেহে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে শনিবার। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।