আন্দোলনে চাকরি ফিরে পেলেন ২৮০ পোশাকশ্রমিক

আন্দোলনের মুখে ২৮০ জন পোশাকশ্রমিককে চাকরিতে পুনর্বহাল করেছে সাভার আশুলিয়ার জামগড়া এলাকার ভাটিক্যান নিটওয়্যার লিমিটেড। গতকাল রবিবার ছাঁটাইকৃতরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে একপর্যায়ে মালিকপক্ষ এ ঘোষণা দেয়। গত ২০ এপ্রিল করোনাসংকটের কারণে কারখানা বন্ধ ঘোষণা করে তাদের ছাঁটাই করেছিল কর্তৃপক্ষ।

অন্যদিকে গতকাল দুপুরে ঢাকার ধামরাইয়ের ভালুম এলাকার জুমার ফ্যাশনসের আট শতাধিক শ্রমিক তিন মাসের বকেয়া বেতনের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়কে বাঁশ ও গাছের ডাল ফেলে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে কথা বলে ১০ মের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

শ্রমিকরা জানান, গত ফেব্রুয়ারি মাস থেকে বেতন পাচ্ছেন না তারা। এর মধ্যে গত ২৬ এপ্রিল কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কয়েক দফা যোগাযোগ করেও বকেয়া বেতন না পেয়ে গতকাল শ্রমিকরা কারখানার সামনে জড়ো হন। পরে তারা কারখানাসংলগ্ন কালামপুর-ভালুম সড়ক অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিক হাজেরা বেগম জানান, কর্র্তৃপক্ষ আগে কয়েক দফা বেতন পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেনি। তিন মাসের বেতন না পেয়ে করোনা মহামারীতে এখন খেয়ে না খেয়ে রোজা রাখতে হচ্ছে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘খবর পেয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে ১০ মে বেতন দেওয়ার দিন ধার্য করলে শ্রমিকরা তা মেনে নিয়ে চলে যান।’