গণমাধ্যমকর্মীদের নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপৎকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। সরকারের আজ্ঞাবহ গণমাধ্যমের ভিড়ে কিছু কিছু মিডিয়া নানা প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ভয়াবহ মরণঘাতী করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন।’
গার্মেন্টস শ্রমিকদের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘করোনার সংকটে আমরা দেখেছি কীভাবে একশ্রেণির মালিক নিজস্ব লাভের আশায়, সরকারের প্রণোদনা পেতে দরকষাকষিতে লাখ লাখ শ্রমিককে গিনিপিগ হিসেবে ব্যবহার করেছে।’
গাজীপুরসহ বিভিন্ন কারখানা লে-অফ ঘোষণা করা হচ্ছে, ছাঁটাই করা হয়েছে শ্রমিকদের। সরকার এটা সামাল দিতে ব্যর্থ বলেও জানান তিনি।