মেয়াদ শেষেও সচল থাকবে গ্রামীণফোনের সংযোগ

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের যেসব গ্রাহকের সংযোগের মেয়াদ ২০ এপ্রিলে শেষ হয়েছে অথবা চলতি মে মাসের প্রথম সপ্তায় শেষ হবে, তাদের সংযোগ কমপক্ষে ৩১ মে পর্যন্ত সচল থাকবে। সংযোগের মেয়াদ বাড়বে স্বয়ংক্রিয়ভাবে, এ জন্য গ্রাহকদের কিছুই করতে হবে না। গতকাল গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন শুরু হওয়ার পর থেকে হোম অফিস ও পারস্পরিক যোগাযাগে ইন্টারনেট ব্যবহার হচ্ছে জানিয়ে গ্রামীণফোন আরও বলছে, গ্রাহকদের পরিবর্তিত জীবনধারা ও নতুন সব প্রয়োজন গুরুত্ব দিয়ে ইন্টারনেট অফারে ১০০ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রামীণফোন ৩০ দিনের মেয়াদে একই দামে আগের ৮ জিবির (গিগাবাইট) অফারে এখন দ্বিগুণ, অর্থাৎ ১৬ জিবি ইন্টারনেট দিচ্ছে। প্রতিষ্ঠানটি ৪৮ পয়সা প্রতি মিনিটের একটি জনপ্রিয় অফারের মেয়াদও দ্বিগুণ বাড়িয়েছে। সেবাসংক্রান্ত এসব উদ্যোগ ছাড়াও, গ্রামীণফোন কভিড-১৯ নিয়ে সচেতনতা বৃদ্ধিতেও নান পদক্ষেপ গ্রহণ করেছে।