গভীর রাতে লোহাগাড়ায় বৌদ্ধ মন্দিরে ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিরবিলা গ্রামে শান্তি বিহারে রবিবার গভীর রাতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 
এ অভিযোগে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত এস ধর্মতিলক থেরো জানান, বিহারের পাশে দোকানে ওই দিন রাতে স্থানীয় এক বিরোধ নিয়ে শালিশী বৈঠক চলছিল। বৈঠক শেষে রাত ৩টার দিকে কয়েক শ লোক এসে বিহারের পাকা দেয়াল ভেঙে বিহারের আলমিরা, থাইগ্লাসসহ একটি বৌদ্ধ মূর্তি ভেঙে ফেলে। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি জয়সেন বড়ুয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া নিন্দা জানিয়ে বলেন, বর্তমান দেশের লকডাউন পরিস্থিতিতে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান , এ ব্যাপারে অভিযোগ হয়েছে। তদন্ত অব্যহত রয়েছে।