প্রথমে ফাঁকা গুলি, পরে মোবাইল নম্বর দিয়ে চাঁদা দাবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চা বাগান এলাকায় লকডাউনের মধ্যেই সন্ত্রাসীরা চাঁদার দাবিতে ফাঁকা গুলি চালিয়ে স্থানীয়দের চারটি মোবাইল নম্বর দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে উপজেলার কাঞ্চননগর চা বাগান এলাকা সংলগ্ন ইটভাটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা এলাকায় এসে প্রথমে ভয়ভীতি প্রদর্শন করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় তারা ৪টি মোবাইল নম্বর দিয়ে বিকেলের মধ্যে যোগাযোগ করতে বলে। নম্বরগুলো হলো- ০১৮৫৫-৬২১১৩০, ০১৭২৫-৬৮৯৮৬৮, ০১৫৮৬-১৩৪২১৮ ও ০১৫৩১-৫৮৩৭৮৭।

স্থানীয় কাঠুরিয়ারা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এলাকায় প্রবেশ করা আধুনিক অস্ত্রসহ ওই সন্ত্রাসীদের পরনে হাফ প্যান্ট, গেঞ্জি ছিল। তারা এসময় সেখানকার ইটভাটা, লেবু বাগান, পেয়ারা বাগান, পানের বরজসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করে। তাদের আরও ৫/৭ জনের আরেকটি সন্ত্রাসী দল পাহাড়ে অবস্থান করছিল।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী বলেছেন, সন্ত্রাসীদের বিষয়টি অবহিত হয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। স্থানীয় লোকজনদের নিকট এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেছেন, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে পুলিশের সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।