১০ দিন আগেই মাশরাফী বলেছিলেন, শেওয়াগকে ইনকাট করে আউট করব

২০০৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে। স্বপ্নের সেই জয়ে ম্যাচসেরা ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিয়েছিলেন ৪ উইকেট। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই মাশরাফীর বলে ইনসাইড এজ হয়ে ফিরে যান বীরেন্দর শেওয়াগ। যাকে দশ দিন আগেই ঠিক এভাবেই আউট করার কথা সতীর্থদের বলে রেখেছিলেন মাশরাফী!

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তামিম ইকবালের সঙ্গে লাইভ চ্যাটে যুক্ত হন মাশরাফী। সেখানে তামিম ইকবালই এই ঘটনা উল্ল্যেখ করেন। মাশরাফীর কাছে প্রশ্ন রাখেন এটা কীভাবে পেরেছিলেন?

মাশরাফী-তামিমের সেই কথোপকথন তুলে ধরা হলো-

তামিম: ২০০৭ বিশ্বকাপের ভারতের বিপক্ষে ম্যাচের ১০ দিন আগে বলেছিলেন আপনি বীরেন্দ্রর শেওয়াগকে ইনকাট করে বোল্ড করবেন। সেটাই হয়েছে। এটা এতো আত্মবিশ্বাস নিয়ে কীভাবে বলেছিলেন?

মাশরাফী: এর উত্তর তো তুই জানিস। তোকে কত ম্যাচে বলছি, আজকে মনে হয় কিছু একটা হবে।

যাই হোক, আমার কাছে মনে হচ্ছিল… মানুষ যখন কিছু একটা ভেতর থেকে চায়, সেটা চাইলে হয়ে যায়। এটা একটা কারণ ছিল। আর তোর তো নিশ্চয়ই মনে আছে ওই দিন (ভারত ম্যাচের আগের দিন) মানজারুল ইসলাম রানা মারা গেল। আমরা সবাই আলোচনা করছিলাম ম্যাচটা বাংলাদেশের জন্যও জিততে হবে। ওই সময় ভারতকে হারানো তো চারটিখানি কথা ছিল না। রানা যখন মারা যায় আমরা সবাই অন্য রকম হয়ে গিয়েছিলাম। এমনকি ডেভ হোয়াটমোর বিদেশি কোচ। ওদের তেমন ইমোশন কাজ করে না। কিন্তু ও ইমোশনাল হয়ে পড়েছিল।

আমরা সব ইমশনোর মধ্যে ছিলাম। আমরা সব দূরে। ওর (রানা) জানাজাও পড়তে পারছি না। সরার মধ্যে ওই জিনিসটা কাজ করছিল। ওই দিন সকাল থেকে সবাই যা যা করতে চেয়েছে, সেটাই হয়েছে। আমরা টসে হেরে ওই উইকেটে ফিল্ডিং পেয়েছি আগে। সবকিছু আল্লাহ তায়ালা মিলিয়ে দিয়েছে।

আর তুই যেটা বললি, ওটা দেখবি তোরও মন থেকে কখনো মনে হবে। দিস ইজ মাই ডে।

তামিম: তাই বলে ভাই ১০ দিন আগে আপনি বলে দেবেন ইনকাট করে বোল্ড করবেন আর তাই করছেন কিন্তু…।  

মাশরাফী: এরপর একশ তুই কবে মারবি, দেখি তোকে বলবো… (হেসে)।