বেসরকারি মেডিকেলের শিক্ষক-চিকিৎসকরা ঈদ বোনাস পাবেন না

বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও কর্মচারীদের এপ্রিলের সম্পূর্ণ বেতন না দিয়ে ৬০ শতাংশ দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের ঈদ বোনাস দেওয়া হবে না। বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মালিকদের সংগঠন বিপিএমসিএ (বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন) এ সিদ্ধান্ত নিয়েছিল।

গতকাল সোমবার সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে জানান সংগঠনের সভাপতি এম এ মুবিন খান। তিনি বলেন, ‘এপ্রিল মাসের পুরো বেতন দেওয়া হলেও ঈদ বোনাস দেওয়া হবে না। করোনার প্রাদুর্ভাব চলছে, এটি একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে অস্তিত্বের বিষয়। তাই মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বোনাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, বোনাস তো করা হয়নি। দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে যেখানে বেসরকারি সংগঠনগুলোর অস্তিত্বের ইস্যু, সেখানে বোনাস এখন কী করে হয়?’

গত ২ মে বিপিএমসিএ’র নির্বাহী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয়, বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের ঈদুল ফিতরের বোনাস দেওয়া হবে না। একই সঙ্গে তাদের এপ্রিল মাসের বেতনও ৪০ শতাংশ কম দেওয়া হবে বলে জানানো হয়। সিদ্ধান্তগুলো জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে সংগঠনের সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক ডা. মো. এনামুর রহমানের স্বাক্ষর ছিল। ডা. এনামুর রহমান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বিপিএমসিএ’র এ সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।