পদ্মা সেতু ও বঙ্গবন্ধু টানেলের অগ্রগতি জানালেন কাদের

পদ্মা সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণকাজের অগ্রগতি জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল সোমবার রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর নির্মাণকাজ এগিয়ে চলছে। আজ সকালে ২৯তম স্প্যান স্থাপন করা হয়েছে পিয়ার ১৯ ও ২০-এর ওপর। পদ্মা সেতু এখন ৪৩৫০ মিটার, মূল সেতুর কাজ  ৮৭ শতাংশ, নদী শাসনের কাজ ৭১ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৭৯ শতাংশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ চলমান। এরই মধ্যে ১৬৯০ মিটার খননকাজ শেষ হয়েছে। সার্বিক অগ্রগতি ৫৩ দশমিক ৫ শতাংশ।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক এক জরিপে এসেছে বিশ্বের ৬৬টি উদীয়মান অর্থনীতি দেশের মধ্যে বাংলাদেশ নবম স্থানে। পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খাদ্য নিরাপত্তায় আমাদের অবস্থান সন্তোষজনক। কৃষিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে ৮০ শতাংশ ধান কাটার কাজ শেষ হয়েছে। ধান কাটা নিয়ে উদ্বেগের অবসান হলো। আমাদের দলীয় কর্মীরা সারা দেশে ধান কাটায় অংশ নিয়েছে। তিনি বলেন, সংক্রমণের হিসেবে বহু দেশের তুলনায় আমরা এখনো ভালো থাকলেও সামনের দিনগুলোতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে অনেকেরই এমন আশঙ্কা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন সামাজিক দূরত্ব, ঘরে থেকে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। তা না হলে আমাদের দুর্বলতার সুযোগে করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে এবং দুর্বলতার ক্ষেত্রে সংক্রমণের ব্যাপক বিস্তার ঘটবে। ওবায়দুল কাদের বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারা দেশে ত্রাণ বিতরণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা যে ত্রাণ বিতরণ করেছেন তার তালিকা প্রস্তুত করে অবিলম্বে দলীয় সভাপতির কার্যালয়ে প্রেরণের অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন আপনারা কোনো অবস্থাতেই মনোবল হারাবেন না। শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গে আছে, পুরো জাতি আপনাদের পাশে আছে। আপনারা সাহসের সঙ্গে এই যুদ্ধে লড়াই করে যাচ্ছেন অবিরাম। আপনারাই প্রকৃত করোনা যোদ্ধা। ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে আপনারা সত্যিকারের দেশপ্রেমের পরিচয় দিচ্ছেন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আমি দেশের জনগণকে অনুরোধ করব সংকটে মনোবল হারাবেন না। জীবন সংগ্রামে প্রতিকূল পরিস্থিতিতে সাঁতার কাটতে অভ্যস্ত একজন নেত্রী শেখ হাসিনা আমাদের সঙ্গে রয়েছেন।