আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আহাম্মকের ভাগাড়ে বসে রিজভী সাহেব নিজেই আহাম্মকের মতো কথা বলছেন। দেশে উদ্ভূত করোনা পরিস্থিতি প্রসঙ্গে সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সরকারের সমালোচনা করে বলা বক্তব্যের প্রতিবাদে গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে দেওয়া সংক্ষিপ্ত এক ভিডিও বার্তায় হাছান মাহমুদ এ কথা বলেন। প্রসঙ্গত, রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের আহাম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা।’
ড. হাছান মাহমুদ ভিডিও বার্তায় আরও বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিয়ে এগুচ্ছে, সেখানে রিজভী আহমেদসহ কারও কারও বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।
বর্তমান সরকারের সমালোচনা না করে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কীভাবে দুর্যোগ মোকাবিলা করেছে সেই ইতিহাসের দিকে ফিরে তাকানোর অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ’৯১ সালের ঘূর্ণিঝড়ের কথা। সে সময় চট্টগ্রাম বিমানবন্দরে বিমানবাহিনীর অনেকগুলো যুদ্ধবিমান ছিল। সেগুলো নিরাপদ স্থানে না সরানোয় সেদিন এক ডজনেরও বেশি বিমান ধ্বংস হয়। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোকেও সেদিন তারা উজানে নিয়ে যেতে পারত, কিন্তু তা না করার কারণে অনেকগুলো জাহাজও সেদিন নষ্ট হয়। এমনকি নোঙর ছিঁড়ে জাহাজ রাস্তার ওপরেও উঠে এসেছিল। অর্থাৎ, তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়া সরকারের আহম্মকির কারণে এসব ঘটনা ঘটেছিল।