করোনাভাইরাস মোকাবিলায় আইসিডিডিআরবির জরুরি সেবা কার্যক্রমকে আরও জোরদারে সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিলিভার বাংলাদেশ। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনিলিভার বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী ক্লিনিক্যাল ল্যাবরেটরি সার্ভিসে ব্যবহারের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ক্রয় এবং করোনা আক্রান্তদের জন্য একটি অস্থায়ী সেবাকেন্দ্র নির্মাণে আইসিডিডিআরবি’কে ৫২ হাজার ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত বিভিন্ন পণ্য, মেডিকেল ও ল্যাবের সরঞ্জাম, টেস্টিং কিটও দেওয়া হবে।
বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় প্রায় ২০ কোটি টাকা সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে ইউনিলিভার বাংলাদেশ। আইসিডিডিআরবির এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক জন ডি ক্লেমেনস বলেন, ‘কভিড-১৯ মোকাবিলায় আমাদের চলমান কার্যক্রমকে জোরদার করতে সহযোগিতার হাত বাড়ানোয় ইউনিলিভার বাংলাদেশকে আমি ধন্যবাদ দিতে চাই। অভূতপূর্ব এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের জনগণকে সেবা দিতে পেরে আমরা গর্বিত। সবাই মিলে একসঙ্গে লড়ে আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠব।’ ইউনিলিভার বাংলাদেশের সিইও এবং এমডি কেদার লেলে বলেন, কভিড-১৯ মহামারীর ক্ষতিকর প্রভাব কমাতে আইসিডিডিআরবির চেষ্টাকে বেগবান করতে আমরা সহযোগিতা করে যাব।