মাদারীপুরের শিবচর এক ইউপি চেয়ারম্যান-সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এবং ত্রাণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও একই সঙ্গে এক প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১১টায় শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নে ৩নং ওয়ার্ডে উত্তর বাশকান্দিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
ত্রাণ বঞ্চিতরা অভিযোগ করে বলেন, শিবচর উপজেলার বাশকান্দি ইউপি পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মুন্সী ও ৩নং ওয়ার্ডের উত্তর বাশকান্দির ইউপি সদস্য ইসমাইল ফকির দেলোয়ার মিলে দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি ত্রাণ প্রকৃত দরিদ্র মানুষের মাঝে বিতরণ না করে তাদের ব্যক্তিগত লোকজন ও বিত্তবাদের মাঝে বিতরণ করেন।
এ ঘটনার প্রতিবাদে ও ত্রাণ পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেন ৩নং ওয়ার্ডের লোকজন।
এদিকে ৪ এপ্রিল জেলা প্রশসাক বরাবর একটি অভিযোগ দেন এলাকাবাসী।
এছাড়াও এই ৩ ওয়ার্ডে ওএমএস কার্ড নিয়েও রয়েছে অনেক অভিযোগ। মৃত্ ব্যক্তি ও এলাকায় যাদের কোনো অস্তিত্ব নেই তাদের নাম দিয়ে চাল নিচ্ছে ইউপি সদস্য দেলোয়ার।
এলাকার অসহায় সুরজান বলেন, করোনার কারণে এতদিন বন্ধ, আইডি কার্ড নিছে মেম্বার কতদিন আজ পর্যন্ত কিছুই পাই নাই।
৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মজিবর জানান, অনেকের নাম ১০ টাকার চালে দেয়া আছে যারা এই গ্রামেই নেই। তাছাড়া ৪জনের নাম আছে যারা ১০ বছর আগেই মারা গেছে এদের নাম দিয়ে বর্তমান মেম্বার তুলে নিয়ে যাচ্ছে।
২৩৭নং কার্ডধারী মৃত কালাম বেপারী ভাই জানান, আমার ভাই প্রায় ১০ বছর আগে মারা গেছে তার কার্ড দিয়ে চাল তুলে নিচ্ছে বর্তমান মেম্বার দেলোয়ার।
এ বিষয় ইউপি চেয়ারম্যান আবুল বাসার মুন্সি মোবাইলে জানান, ঐ ওয়ার্ডে দুটি পক্ষ থাকায় এই ঘটনা ঘটেছে। এগুলো সব মিথ্যা।
এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমার উপজেলায় অন্য জেলা থেকে ত্রাণ আরও বেশি দেয়া হয়েছে এমনটা হওয়ার কথা না। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখবো যদি এ রকম হয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।