সাতক্ষীরায় হাসপাতালে চিকিৎসক না পেয়ে ভ্যানেই সন্তান প্রসবের বহুল আলোচিত ঘটনায় দুঃখ প্রকাশ করে ওই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি তাদের প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দেন।
এ ঘটনায় গঠন করা হয় পৃথক দু’টি তদন্ত কমিটি।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের গেটে চিকিৎসা না পেয়ে ভ্যানের ওপর সন্তান প্রসবের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী শিমুলী রাণী দাসীর বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। এ সময় হতদরিদ্র ঐ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেন। নবজাতকের জন্য শিশুখাদ্য এবং তার মায়ের জন্য পুষ্টি সহযোগী খাবার কিনতে খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষে নগদ অর্থ সহায়তাও প্রদান করেন। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ওই পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ দিকে স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক দুপুরে এক জরুরী সভা ও করেছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন মো. হুসাইন শাফায়াত জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তিন সদস্যের তদন্ত কমিটি এ ছাড়া স্বাস্থ্য বিভাগ আরেকটি তদন্ত করেছে।
স্বাস্থ্য বিভাগের তিন সদস্যের তদন্ত কমিটিতে স্বয়ং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহাঙ্গীর হোসেনকে সদস্য করায় তদন্ত বিঘ্নিত হতে বলে মত প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত।
শুক্রবার হাসপাতাল এলাকায় চিকিৎসক না পেয়ে সন্তান প্রসবের সংবাদটি গণমাধ্যমে আলোড়ন তোলে সোমবার। তবে আরএমও প্রথম দিকে ঘটনাটি সঠিক নয় বলে প্রমাণের চেষ্টা চালান।