বগুড়ায় বাবা-মায়ের পর তাদের ১২ বছর বয়সী ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও আরো একজন ব্যাংক কর্মকর্তার শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বগুড়া শহরের ফুলতলা এলাকার ঢাকা ফেরত এক ব্যক্তির শরীরে গত ২৮ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১ মে তার স্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। সর্বশেষ মঙ্গলবার তাদের ১২ বছর বয়সী একমাত্র ছেলের নমুনা পরীক্ষা করে ফলাফল পজিটিভ আসে।
অপরদিকে নীলফামারীর সৈয়দপুর ইসলামী ব্যাংকের ম্যানেজার বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় নিজ বাড়িতে আসেন। মঙ্গলবার তার নমুনা পরীক্ষা করে ফলাফল পজিটিভ আসে। ওই ব্যাংকে কর্মরত ৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। সেখান থেকেই ব্যাংক ম্যানেজার করোনায় আক্রান্ত হন।
মঙ্গলবার বিকেলে ৯৪ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। বগুড়ার ৯১টির মধ্যে ২টি পজিটিভ। বাকি ৩টি জয়পুরহাটের, যার সবই নেগেটিভ।