সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস অধ্যক্ষ গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের সীতাকুন্ডু পৌর সদরে অবস্থিত যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল কবির। গত সোমবার রাত ৩টার দিকে উপজেলার গোডাউন রোডে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে একই রাতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম।

গত ১ মে সাঈদীর মুক্তি চেয়ে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন অধ্যক্ষ নুরুল কবির। এর প্রতিবাদে ফেটে পড়েন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে অবশ্য এই পোস্টটি মুছে ফেলেন তিনি।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিহাবউদ্দিন বলেন, নুরুল কবির ২০১৩ সালে সাঈদী মুক্তি আন্দোলনের সীতাকুন্ডু উপজেলার সমন্বয়ক ছিলেন।

শিক্ষক নুরুল কবির নাশকতার মামলায় ২০১৩ ও ’১৪ সালে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলেও নিশ্চিত করেন সীতাকুন্ডু থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।