বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬ হাজার সেট ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ব্র্যাক ব্যাংক। কভিড-১৯ মোকাবিলায় দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে এই সরঞ্জাম দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। গত সোমবার বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে পিপিই সেটগুলো হস্তান্তর করে ব্র্যাক ব্যাংক।
সেটগুলোতে বডিস্যুট ছাড়াও রয়েছে এন-৯৫ মাস্ক, গগলস, জুতার কভার, হ্যান্ড গ্লাভস এবং হেড শিল্ড। সরঞ্জামগুলো আমদানিতে ব্র্যাক ব্যাংককে সহায়তা দিয়েছে এমবিএম গ্রুপ। এগুলো বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।
ব্যাংকের মানবসম্পদ বিভাগ প্রধান বিলকিস জাহান বলেন, ‘ব্র্যাক ব্যাংক করোনা সংক্রমণ রোধে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অগ্রণী ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল। উচ্চমানের পিপিই দিয়ে তাদের সুরক্ষা নিশ্চিতে সহায়তা করা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করেছি। এটি দেশকে মহামারী থেকে রক্ষা করতে আমাদের অনেকগুলো উদ্যোগের একটি।’
পিপিই গ্রহণ করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া। এমবিএম গ্রুপের পরিচালক কামরান সাদিকও এ সময় উপস্থিত ছিলেন।