মাত্র তিনজন মন্ত্রী এবারের মন্ত্রিসভা বৈঠকে অংশ নেবেন। যেসব মন্ত্রণালয়ের বিষয় আলোচ্যসূচিতে রয়েছে কেবল তাদেরই বৈঠকে ডাকা হয়েছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক মাস পর সীমিত পরিসরে আগামীকাল বৃহস্পতিবার বসছে মন্ত্রিসভার এই বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা ১১টায় তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে বৈঠক অনুষ্ঠিত হবে।’ মন্ত্রিপরিষদ বিভাগের অপর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে সংশ্লিষ্ট মাত্র তিন মন্ত্রী অংশ নেবেন।’
এর আগে করোনা প্রতিরোধে সাধারণ ছুটির মধ্যে ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভা বৈঠক হয়। সেই বৈঠকে মাত্র সাতজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সবার মুখে ছিল মাস্ক। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই বসার আসন নির্ধারিত করে ওইদিন মন্ত্রিসভার বৈঠক হয়।
সাধারণত প্রতি সোমবার সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। আর প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকতে পারেন।
চলমান সাধারণ ছুটিতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত না হলেও প্রধানমন্ত্রী নিয়মিত সব জেলা ও বিভাগীয় প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স করে করোনাভাইরাস পরিস্থিতিতে ত্রাণ ও চিকিৎসাব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছেন।