সাদা পোশাকে দুই ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ

রাজধানীতে সাদা পোশাকে দুই ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা। এর মধ্যে ‘রাষ্ট্রচিন্তা’ নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য দিদারুল ইসলাম ভুঁইয়াকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে তুলে নেওয়া হয়। তার আগে সোমবার তুলে নেওয়া হয় মুশতাক আহমেদ নামে আরেক ব্যক্তিকে।

দিদাদের পরিবারের অভিযোগ, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর সদস্য পরিচয়ে সাদা পোশাকে দিদারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে র‌্যাব-৩ এর কর্মকর্তারা বলছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

দিদারের ভগ্নিপতি জাকির চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় চ-৫১/১ উত্তর বাড্ডার বাসায় ইফতারের আয়োজন করছিলেন দিদার। এ সময় বাসার দরজায় নক করে র‌্যাব-৩ এর পরিচয় দেয় সাদা পোশাকে আসা কয়েক লোক। বাসার নিচে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। দিদারকে নিয়ে যাওয়ার সময়ে তার স্ত্রী সন্তান কান্নাকাটি করলে লোকগুলো জানায়, ‘কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন।’

বিষয়টি নিয়ে রাষ্ট্রচিন্তার ঢাকা ইউনিটের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া এবং বিনা ইউনিফর্মে একটি বাহিনীর নাম ব্যবহার করে তাকে বাসা থেকে তুলে নেওয়ায় আমরা উদ্বিগ্ন।

বিষয়টি নিয়ে র‌্যাব-৩ এর সূত্র দেশ রূপান্তরকে বলেন, এই নামে কাউকে র‌্যাব-৩ এ আনা হয়নি। এ ধরনের কোনো অভিযানের তথ্যও র‌্যাব-৩ এর কাছে নেই। এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখায় যোগাযোগ করা হলে দায়িত্বশীল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।