সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মাহতাব উদ্দিন তালুকদার (৪০) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাহতাব এসএ টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও স্থানীয় ‘দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক।
মাহতাবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, মাহতাবের গ্রামের বাড়ি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের স্বরূপগঞ্জ গ্রামে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, গত সোমবার রাত ১২টায় ধর্মপাশা থানায় ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান বাদী হয়ে মাহতাবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর রাত ২টার দিকে সুনামগঞ্জ শহরের বলাকাপাড়া এলাকার নিজ বাসা থেকে মাহতাবকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথির বরাতে ওসি বলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন আটক হয়েছেন সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে এমন একটি ফেইসবুক পোস্ট দেন মাহতাব উদ্দিন তালুকদার। মিথ্যা এই প্রচারে সাংসদের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করে মামলা করা হয়েছে। বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেপ্তার হওয়ার আগে মাহতাব ফেইসবুকে পোস্ট দিয়ে জানান, তার ফেইসবুক আইডিটি হ্যাক করে সাংসদের বিরুদ্ধে এমন পোস্ট দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করতেও চান।