শেরপুরে দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী আটক

শেরপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী রোকিয়া ওরফে কাঞ্চন বেগম নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার জঙ্গলদী দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বামী আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, স্বামী আবুল কাশেমের বেকারত্বের কারণে কাঞ্চন বেগমের সাথে পারিবারিক কলহ চলছিল। আজ সাহরি শেষে কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে আবুল কাশেম দা দিয়ে তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাঞ্চন বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে স্বামী আবুল কাশেমকে আটক করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী আবুল কাশেমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।