গাজীপুরে হচ্ছে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব

করোনা সংক্রমণের দিক দিয়ে তৃতীয় হটস্পট হিসাবে গাজীপুর স্থান করে নিয়েছে। এ জেলায় করোনাভাইরাাস পরীক্ষার কোন ল্যাব না থাকায় এতদিন গাজীপুর থেকে সংগৃহীত নমুনা সমূহ ঢাকা থেকে পরীক্ষা করিয়ে আনা হতো। আর গাজীপুরে করোনা পরীক্ষার জন্য আগামী কয়েকদিনের মধ্যেই স্থাপিত হবে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব।

বুুধবার গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন।

প্রায় ৪০ লাখ মানুষের বাস গাজীপুরে। এখানে এ পর্যন্ত মাত্র ৩ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে থেকে ৩৩৬ জনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। নানা জটিলতায় নমুনা সংগ্রহ, ঢাকায় প্রেরণ ও ফলাফল প্রাপ্তীতে বিলম্ব হচ্ছে। অনেকে নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করতে করতে হতাশ হয়ে ঢাকা চলে যান। আবার অনেকে নমুনা দিয়ে ৩/৪ দিনের ফলাফল জানতে পারেন না। এসব কারণে গাজীপুরে করোনা পরীক্ষার জন্য একটি পিসিআর ল্যাব স্থাপন করার জন্য জেলাবাসী দাবি করে আসছিল।

ইতোমধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালটিকে কোভিড ১৯ চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু গাজীপুরে করোনা পরীক্ষার কোন ল্যাবরেটরী না থাকায় জেলাবাসীকে করোনা পরীক্ষার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এসব কারণে গাজীপুরে এখন অন্তত একটি করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপন অত্যন্ত জরুরী হয়ে পড়ে।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পিসিআর ল্যাব রয়েছে। আমরা চাচ্ছি সেই ল্যাবটি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এনে স্থাপন করতে। এ বিষয়ে বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি সার্বিক সহযোগিতা ও সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছেন। আশা করা হচ্ছে আগামি ৩-৪ দিনের মধ্যে গাজীপুরে পিসিআর মেশিনটি স্থাপন করা হবে।