করোনা সংক্রমণ রোধে ব্যবহারযোগ্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও সার্জিক্যাল মাস্কসহ (ফেস মাস্ক) উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে জুন পর্যন্ত অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এনবিআর এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে।
এতে বলা হয়, বর্তমানে করোনা সংক্রমণ রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে এই সিদ্ধান্ত হয়েছে। আদেশে বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের মানসম্মত পিপিই ও সার্জিক্যাল মাস্ক পরতে হয়। এছাড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আগামীতে দেশে প্রচুর পিপিই ও মাস্ক প্রয়োজন হতে পারে। জনস্বার্থে এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের প্রদত্ত ক্ষমতাবলে বৈশ্বিক মহামারীর এই দুর্যোগ সময়ে পিপিই ও সার্জিক্যাল মাস্ক উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো।
এর আগে ২২ মার্চ আমদানি পর্যায়ে পিপিইসহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে সমুদয় শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়।