অস্ত্রের নয়, মানুষকে সুরক্ষার প্রতিযোগিতা হোক : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আর অস্ত্রের প্রতিযোগিতা নয়, সবাই মিলে মানুষকে সুরক্ষার জন্য কাজ করাই হোক পৃথিবীর সব রাষ্ট্রের ব্রত।’ গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ডিজইনফেকশন চেম্বার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে দৈনিক সময়ের আলো পত্রিকার সদ্য প্রয়াত নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন স্মরণে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি প্রয়াত খোকনের আত্মার শান্তি ও  করোনা-আক্রান্তদের দ্রুত সুস্থতা প্রার্থনা করা হয়। বৈশ্বিক দুর্যোগ করোনা সংক্রমণের মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত দেশে প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন এবং আমি আমার প্রিয় বন্ধুপ্রতিম সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে হারিয়েছি।’ মন্ত্রী বলেন, আমি সব সময় মন্ত্রী ছিলাম না বা থাকব না, কিন্তু আমি সব সময় সাংবাদিকদের সঙ্গে ছিলাম। দুস্থ সাংবাদিকদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে যথাসম্ভব কিছু করার চেষ্টা করছি, শিগগিরই কিছু করতে পারব বলে আশা করি।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বে রাষ্ট্রীয়ভাবে মেডিকেল গবেষণায় যে অর্থ ব্যয় হয়, তার চেয়ে অনেক বেশি ব্যয় হয় সামরিক খাতে। কিন্তু সমগ্র বিশ্বেআজ এক অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধে লিপ্ত, যেখানে শুধু মাস্ক, স্যানিটাইজার আর জীবাণুনাশক নিয়েই আমাদের কাজ করে যেতে হচ্ছে। আমার প্রশ্ন, এখনো কি আমরা অস্ত্রের প্রতিযোগিতায় থাকব, নাকি সম্মিলিতভাবে মানবসমাজের জন্য কাজ করব?’ তিনি বলেন, ‘আর অস্ত্রের প্রতিযোগিতা নয়, সবাই মিলে মানুষের  সুরক্ষার জন্য কাজ করাই হোক পৃথিবীর সব রাষ্ট্রের ব্রত।’ মানুষ যেন হতাশাগ্রস্ত না হয় সে জন্য আশাব্যঞ্জক খবর প্রকাশ করতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান তথ্যমন্ত্রী।

করোনাভাইরাস মোকাবিলায় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উদ্যোগ উল্লেখ করে হাছান মাহমুদ জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস এমনকি দ্য ইকোনমিস্টও প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছে। তথ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী অনুষ্ঠানে ডিআরইউ নেতাদের কাছে অ্যান্টিসেপটিক সাবান ও হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করেন। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডিজইনফেকশন চেম্বার প্রদানকারী সংগঠন ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ-এনআইবির নির্বাহী সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও ডিআরইউ সহসভাপতি নজরুল কবীর।