যেসব জেলা, উপজেলা এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণমুক্ত রয়েছে, সেখানে কিছু শর্ত সাপেক্ষে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ‘ঘোষণা’য় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের সেসব জেলা, উপজেলা এখন পর্যন্ত করোনভাইরাস সংক্রমণমুক্ত ওই সব এলাকায় বহিরাগতদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বিশেষ ব্যবস্থাপনায় যুক্তিসংগতভাবে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা যাবে।
ঘোষণায় আরও বলা হয়, ‘ইতিপূর্বে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮) (২০১৮ সালের ৬১ নম্বর আইন)-এর ১১(১) ধারার ক্ষমতাবলে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ এপ্রিল ঘোষিত নির্দেশনাসমূহ নিপুণভাবে পরিবর্তিত হবে।’
নির্দেশনার মধ্যে আছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। সন্ধ্যা ৬টার স্থলে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, খাদ্যদ্রব্য, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ সৎকার ইত্যাদি) ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।’
চলাচল নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ এবং সব কর্র্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কর্র্তৃক প্রস্তুতকৃত কারিগরি নির্দেশনাগুলো সর্বস্তরে বাস্তবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়। নির্দেশনাগুলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া আছে।