টিসিবির পেঁয়াজ শনিবার থেকে ২৫ টাকা কেজি

আগামীকাল শনিবার থেকে প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি এখন প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি করছে।

গতকাল সচিবালয়ে ব্যবসা বাণিজ্যের চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান। বাণিজ্য সচিব মো. জাফরউদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রোজা উপলক্ষে প্রতি বছরের চেয়ে এবার দশগুণ বেশি পণ্য মজুদ রাখা হয়েছিল। ফলে করোনা পরিস্থিতিতেও ভালো অবস্থায় রয়েছি। দেশব্যাপী ৫০০ জায়গা থেকে টিসিবি ট্রাকে ও বিভিন্ন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছে। নিত্যপণ্যের যে মজুদ আছে তাতে আগামী চার মাসেও কোনো সমস্যা হবে না।

টিপু মুনশি বলেন ছোলা, ডাল, ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে। সরকার চাপ সৃষ্টি করায় আদার দাম কমে গেছে। দেশের বড় দুটি ব্যবসায়ী গোষ্ঠী মেঘনা ও সিটি চিনি, তেল ও ডালের দাম ৫-১০ টাকা করে কমিয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের জন্য পণ্যবাহী ২ হাজার ২০০ ট্রাক ও  ভারতে যাওয়ার ক্ষেত্রে ২০০ ট্রাক আটকে আছে। রেলপথে চারটি জায়গা দিয়ে এসব পণ্য আনা-নেওয়ার ব্যাপারে আগামী রবিবার বৈঠক হবে বলে জানান তিনি।