করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য নাজমুল করিম চৌধুরী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এ অধ্যাপকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
শেখ কবির বলেন, নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে এক শোক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবার শোক প্রকাশ করেছে।
ঢাবির প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, নাজমুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর বেসরকারি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন এ প্রবীণ অধ্যাপক। শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়া ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে শোক প্রকাশ করেছে।