করোনাভাইরাসের কারণে বাহারি ইফতারি নাগালের বাইরে। বাজারে ইফতারি নেই বলে আক্ষেপ করার কিছু নেই। ঘরে বসেই বানান মুখরোচক নানা স্বাদের ইফতারি। রেসিপি দিচ্ছেন রন্ধনশিল্পী মারজানা তাবাসসুম অন্যা
পুদিনা পাতার পাকোড়া
উপকরণ
পুদিনা পাতা ১ কাপ, চালের গুঁড়া আধা কাপ, মসুর ডাল বাটা দেড় কাপ, পেঁয়াজ ২ টা, লবণ আধা চা চামচ, কাঁচামিরচ কুচি ৪ টা, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, তেল আধা কাপ।
তৈরির পদ্ধতি
১. পুদিনা পাতা ধুয়ে পেঁয়াজ ও কাঁচামরিচের সঙ্গে মিহি করে কুচি করে নিন।
২. এরপর সব উপকরণ দিয়ে মেখে চ্যাপ্টা বড়া তৈরি করে নিন।
৩. ফ্রাইপ্যানে তেল গরম লালচে করে ভেজে পরিবেশন করুন।
বুন্দিয়া
উপকরণ
বুন্দিয়ার উপকরণ : বেসন ১ কাপ, পানি ১ কাপ, তেল ২ চা চামচ, লাল ও সবুজ কালারের খাবার রং সামান্য, তেল ১ কাপ, ভাজার জন্য তেল ২ কাপ।
সিরার উপকরন : চিনি ১ কাপ, পানি আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ।
তৈরির পদ্ধতি
১. বেসনে পানি ও তেল দিয়ে ফেটিয়ে খাবার রং মিশিয়ে নিন।
২. কড়াইতে তেল গরম করে বুন্দিয়া ভাজার ঝাঁঝরিতে গোলানো বেসন নিন। ঝাঁঝরি দিয়ে তেলের ভিতর বুন্দিয়া ফেলুন।
৩. বুন্দিয়া বাদামি রঙ হলে তুলে নিন।
৪. অন্য কড়াইতে সিরা তৈরি করে নিন । এবার গরম সিরায় বুন্দিয়া দিয়ে অল্প আঁচে পাঁচ মিনিট রেখে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
বাহারি বেগুনি
উপকরণ
বেগুন ১ টি, ডিম ১ টি, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, ধনিয়াপাতা কুচি ১ চা চামচ, লবন ১ চা চামচ, চালের গুঁড়া ১ কাপ, ব্রেড ক্রাম আধা কাপ, তেলআধা কাপ
তৈরির পদ্ধতি
১. বেগুন ভাল করে ধুয়ে লম্বা লম্বা করে আঙ্গুলের মতন করে কেটে নিন।
২. ডিম ফেটে তাতে গোল মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়াপাতা কুচি ও লবন দিয়ে ভাল করে মিশিয়ে রাখুন।
৩. এবার বেগুন ডিমের মিশ্রণে কোট করে তারপর চালের গুঁড়াতে গড়িয়ে নিন। এভাবে দুইবার করুন।
৪. কড়াইয়ে তেল গরম হলে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।