দেশে করোনাযুদ্ধ মোকাবিলার সঙ্গে সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষগুলোর পেটের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য আরেকটি যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন একতা ব্লাড ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের একঝাঁক তরুণ। এই সংগঠনের সদস্যরা লকডাউনের মাঝেও দুস্থদের কষ্ট ভাগাভাগি করে নিতে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
জানা যায়, ‘সেবায় সর্বদা প্রস্তুত’ প্রতিপাদ্য মনে ধারণ করে ২০১৮ সালে মাত্র কয়েকজন সদস্য নিয়ে শুরু হয় একতা ব্লাড ফাউন্ডেশন সংগঠনের কার্যক্রম। সংগঠনের প্রতিষ্ঠাতা মহসীন ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি গড়ে তুলি। যাতে করে কেউ রক্তের অভাবে অকালে ঝরে না পড়ে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, একতা ব্লাড ফাউন্ডেশন মানবিক কার্যক্রম করছে। তরুণরাই পারে দেশকে এগিয়ে নিতে।