পঞ্চগড় জেলা কারাগারে এক বন্দি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করেছে কর্র্তৃপক্ষ। গতকাল শুক্রবার জেলা সিভিল সার্জন মো. ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন। ওই বন্দির আক্রান্তের বিষয়টি শুরুতে কারা কর্র্তৃপক্ষ ও সিভিল সার্জন কার্যালয় গোপন করলেও গত বৃহস্পতিবার জানাজানি হয়। সিভিল সার্জন জানান, ওই বন্দি অ্যাজমা রোগী। গত ১ মে রাতে শ্বাসকষ্ট শুরু হলে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপরও শ্বাসকষ্ট থাকায় ৩ মে তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ৫ মে তার কভিড-১৯ পজিটিভ আসে।
এ ঘটনায় ওই বন্দির ওয়ার্ডের ৫২ জনসহ ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর আক্রান্তের সংস্পর্শে আসায় সতর্কতা হিসেবে কারারক্ষী, পুলিশ সদস্য, সদর হাসপাতালের নার্স-ওয়ার্ড বয়সহ ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জেলা কারাগারের জেলার শফিকুল আলম জানান, ওই বন্দি গত ৩ মার্চ ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে পঞ্চগড় কারাগারে আসেন। এর মধ্যে একবার তিনি আদালতে হাজিরা দিয়েছেন।