রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেল কালোবাজারি করে বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দীন ফারুকী দেশ রূপান্তরকে জানান, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের জহির মহল্লার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্রতিষ্ঠান থেকে ১২০ লিটার টিসিবির তেল জব্দ করা হয়। তিনি বলেন, আইনুল একজন ডিলার। তিনি অবৈধ উপায়ে টিসিবির বিপুল পরিমাণ সয়াবিন তেল তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধভাবে কালাবাজারে বিক্রি করছিলেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের বাবর রোডের জহির মহল্লার ৩১/১২/১ নম্বর হোল্ডিংয়ে অভিযান চালিয়ে তেল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা ফারুকী আরও জানান, আইনুল কীভাবে টিসিবির সয়াবিন তেল সংগ্রহ করেছেন, কার কার কাছে কী পরিমাণ বিক্রি করেছেন সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার এ অবৈধ কারবারে আরও যারা জড়িত আছেন, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান সম্পন্ন হওয়ার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। নাম প্রাকশে অনিচ্ছুক র্যাবের আরেক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, আইনুল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। করোনা সংকটকালে টিসিবির পক্ষ থেকে যেসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য খোলাবাজারে বিক্রি করার কথা সেগুলোই তিনি ও তার সিন্ডিকেট অসাধু উপায়ে কালোবাজারে বিক্রি করে আসছিলেন।