‘যখনই স্বামীরা পারফর্ম করে তখন ওদের কৃতিত্ব। আর ব্যর্থ হলেই তার দায় আমাদের। জানি না কেন সবাই এরকম ভাবে।’- একটি ইউটিউভ লাইভ শোতে এভাবেই বলেছেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা। একই সঙ্গে উপমহাদেশের সংস্কৃতিকে কাঠগড়ায় তুললেন তিনি।
স্বামীদের ব্যর্থতার জন্য স্ত্রীদের দায়ী করা উপমহাদেশের সাংস্কৃতিক প্রবণতা বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী সানিয়া।
ভারতীয় নারী ক্রিকেট দলের দুই তারকা স্মৃতি মান্ধানা ও জেমিমা রদ্রিগেজের সঙ্গে ইউটিউব লাইভ সেশনে যুক্ত হয়েছিলেন সানিয়া। সেখানেই এসব কথা বলেন এই টেনিস তারকা। কদিন আগে মিচেল স্টার্ককে নিয়ে করা ‘জরু কা গুলাম’ টুইট নিয়েও মুখ খোলেন সানিয়া।
ক্রিকেট মাঠে শোয়েব মালিক ব্যর্থ হলে সানিয়াকে নিয়ে ট্রল শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতির ক্ষেত্রেও তাই।
প্রসঙ্গটি নিয়ে সানিয়া এভাবে বলছিলেন, ‘আমরা হয়তো অনেক হালকাভাবে কথা বলছি। তবে ঘটনার গভীরতা অনেক বেশি। নারীদের সবসময় শক্তি নয়, পথভ্রষ্ট হওয়ার কারণ হিসেবে তুলে ধরা হয়। এটা একটা সাংস্কৃতিক ইস্যু। এটার সঙ্গেই আমরা লড়াই করে চলেছি। তোমাদের গার্লফ্রেন্ড, স্ত্রী আছে! তাহলে তো ওই ক্রিকেটার বখে যাবে…। কারণ একসঙ্গে ডিনার করতে যায় ওরা…।’
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে স্ত্রী অ্যালিসা হিলির খেলা দেশতে জাতীয় দলের খেলা ছেড়ে দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন মিচেল স্টার্ক। তখন ব্যাপারটা নিয়ে টুইট করেছিলেন সানিয়া। বলেছিলেন, উপমহাদেশে এমন হলে বলা হতো ‘বউয়ের গোলাম’।
সেই প্রসঙ্গে সানিয়া বলেন, ‘যখন স্টার্ক স্ত্রীর খেলা দেখতে গেল, সবাই ওর প্রশংসা করছিল। আমি শুধু স্টার্কের জায়গায় শোয়েবের কথা ভাবছিলাম। সেটা হলে পুরো বিষয়টি উল্টো হয়ে যেত। ওকে হয়তো বলা হতো জরু কা গুলাম!’
বিষয়টি নিয়ে কোহলির স্ত্রী আনুশকার সঙ্গেও আলাপ হয়েছে বলে জানান সানিয়া, ‘আনুশকার সঙ্গে আমার এই নিয়ে একদিন দীর্ঘ আলোচনা হয়েছিল। আমরা ভাবছিলাম- এমনটাও হতে পারে!’