বগুড়ায় নতুন করে আরো দুই জন নারী কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বগুড়া পুলিশ লাইন্সে আইসোলেশনে রয়েছেন। গত ২৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ( ডিএমপি) থেকে তারা বগুড়ায় বদলি হয়ে আসেন।
এ নিয়ে বগুড়ায় এখন করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩৭ জন। এদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফেরায় এখনও ২৮জন চিকিৎসাধীন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঢাকা থেকে বদলী হয়ে আসা তিন নারী কনস্টেবলকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে দু'জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এদিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এরমধ্যে বগুড়ার ৫৪ টির মধ্যে ২ টি পজিটিভ, জয়পুরহাট ১১৭ টির সব নেগেটিভ ও সিরাজগঞ্জ ১৭ টির মধ্যে ১টি পজিটিভ ফলাফল জানানো হয়।