শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষা সচিব

শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে খবর প্রকাশের পর তা গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন। আগামী ৩০ মে পর্যন্ত ঘোষণা করা চলমান ছুটি শেষ হওয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চিন্তাভাবনা তাদের নেই বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তিনি।

শিক্ষা সচিব মাহবুব হোসেন গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা শিশুদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি ভাবছি। দেশের অফিস-আদালত বন্ধের আগে প্রথমেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। করোনায় শিশুদের নিয়ে ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই। ১৮ মার্চ থেকে কয়েক দফায় ছুটি বাড়ানো হয়েছে। চলমান ছুটি আগামী ৩০ মে পর্যন্ত চলবে। প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনই আমরা কোনো চিন্তাভাবনা করছি না। অন্তত ২৫ তারিখের পর এটা নিয়ে চিন্তা করব।’

তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কেউ বলে থাকে প্রতিষ্ঠান দ্রুতই খোলা হবে, তাহলে তা সম্পূর্ণ গুজব। ৩০ মে পর্যন্ত ছুটি চলবে, এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’