কুঁড়েঘরে ট্রাক, ঘুমন্ত মা-মেয়ে নিহত

বগুড়ার নন্দীগ্রামে বালুবোঝাই ট্রাক সড়ক ছেড়ে কুঁড়েঘরে ঢুকে পড়লে সেটির চাপায় ঘুমন্ত মা ও মেয়ে নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার প্রয়াত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতুলী বেগম (৪৩)। মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কুঁড়েঘর নির্মাণ করে বসবাস করতেন তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবোঝাই ওই ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ওমরপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা কুঁড়েঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় সোহাগ মিয়া (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার শিবপুর-চৈতন্যা সড়কের বিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহাগ বিরাজনগর এলাকার অহিদ মিয়ার ছেলে ও স্থানীয় বাঘাব দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলযোগে শিবপুর বাসস্ট্যান্ড হতে বিরাজনগর বাজারে যাচ্ছিল সোহাগ। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সোহাগ ও অটোরিকশাচালক বশির গুরুতর আহত হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়। শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় সোহাগের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।