নিরাপত্তা পরিষদে করোনা প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মহামারী রুখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব তোলার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের বাধায় তা হয়নি। ভোটের জন্য প্রস্তাবটি উত্থাপনের কথা থাকলেও যুক্তরাষ্ট্র তা প্রতিহত করেছে বলে কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এএফপি।

গত মার্চ থেকে ওই প্রস্তাবনা নিয়ে কাজ করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত শুক্রবার ওই প্রস্তাবটি পরিষদে তোলার পর তা পাস হলে, বিশ্বের যেসব দেশে এখন যুদ্ধ কিংবা সংঘাত চলছে আপাতত তা সমন্বিতভাবে বন্ধ রাখার আহ্বান জানাতে পারত নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বাধায় তা আপাতত হচ্ছে না।

কূটনৈতিক সূত্রমতে, চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মধ্যকার চলমান দ্বন্দ্বের জেরে যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব পাসে বাধা দিয়েছে।

গত বছর ডিসেম্বর মাসে চীনের উহান শহরের এক বাজার থেকেই বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাভাইরাস বিস্তারের জন্য চীনকে দায়ী করে আসছেন। সম্প্রতি তিনি দাবি করেছেন, উহানের একটি ভাইরোলজি ল্যাব থেকে করোনার ছড়িয়ে পড়ার প্রমাণ তিনি দেখেছেন। এই ইস্যুতে চীনের বিরুদ্ধে শুল্কারোপের হুমকিও দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কিত তথ্য গোপন করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই বলে আসছে, করোনাভাইরাসের উৎস প্রাকৃতিক, এটি ল্যাব থেকে ছড়ায়নি।