যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সহকারী আক্রান্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরিচালকের দেহে শনাক্ত হওয়ার পরদিনই দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক সহযোগীর শরীরেও করোনাভাইরাস ধরা পড়েছে। গত শুক্রবার হোয়াইট হাউজ পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসি জানিয়েছে, দুই দিনের ব্যবধানে দুই কর্মীর কভিড-১৯ শনাক্ত হওয়ায় হোয়াইট হাউজে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। সতর্কতার অংশ হিসেবে প্রতিদিনই ট্রাম্প ও পেন্সের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাদের শরীরে করোনার উপস্থিতি মেলেনি। 

বিবিসি জানিয়েছে, কেটির দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়ার পরপরই হোয়াইট হাউজের কর্মকর্তারা আইওয়ার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা পেন্সের বিমান এয়ার ফোর্স টু থেকে তার ছয় সহযোগীকে নামিয়ে আনেন। এ ছয়জন সাম্প্রতিক সময়ে কেটির সংস্পর্শে এসেছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে।

শুক্রবার হোয়াইট হাউজে রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে কেটি প্রসঙ্গে সাংবাদিকদের ট্রাম্প বলেন, বেশ কিছুদিন আগে তার (করোনাভাইরাস শনাক্তে) পরীক্ষা হয়েছিল; তখন ভালোই ছিলেন। হঠাৎ করে আজ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

হোয়াইট হাউজে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্টের সুরক্ষায় সতর্কতার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।