নড়াইলের কালিয়া উপজেলার মহাজন গ্রামে ঢাকা থেকে কাশি নিয়ে বাড়িতে ফেরার দুদিন পর বিশ্বজিৎ রায় চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।
বিশ্বজিৎ রায় চৌধুরী মহাজন গ্রামের নির্মল রায় চৌধুরীর ছেলে। তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।
বিশ্বজিতের ভাতিজা প্রবীর রায় চৌধুরী জানান, ঢাকা থেকে আসার পর করোনা উপসর্গ হওয়ায় বাড়ির আলাদা একটি ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় বিশ্বজিতকে। সেখানে থাকা অবস্থায় শনিবার দিনগত রাতে মারা যান তিনি। রবিবার সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের মাঝে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার চাচার করোনা পরীক্ষা করা হয়নি।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুদা বলেন, ‘রবিবার সকালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর খবরটি শোনার পর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার মধ্যদিয়ে সৎকারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এলাকাজুড়ে কঠোরভাবে লকডাউন পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।’