পঞ্চগড়ে যাত্রীবাহী পরিবহন চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

যাত্রীবাহী পরিবহন চালুর দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রবিবার সকাল ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন করেন।

শ্রমিকদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় খাবার সংকটে পড়েছেন গণপরিবহন শ্রমিকরা। তাই পর্যাপ্ত খাবার নইলে পরিবহন চালুর দাবিতে তারা আন্দোলনে নামেন।

এ সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার বিভিন্ন পরিবহন মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে। পরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী ও থানার পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, করোনার কারণে এক মাসের বেশি হলো তাদের পরিবহনগুলো সড়কে চলতে দেওয়া হচ্ছে না। লকডাউনের মধ্যেও গার্মেন্টস, বাজার, দোকান ছোটখাটো পরিবহনসহ সবকিছু চলছে কিন্তু তাদের যাত্রীবাহী পরিবহন চলছে না। বর্তমানে তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। হয়তো তাদের পরিবহন সড়কের চলতে দেওয়া হোক, নয়তো তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হোক।

একজন মটর শ্রমিক নেতা জানান, আমাদের যাত্রীবাহী গণপরিবহন চলতে দেওয়া হলে আমাদের আর ত্রাণ লাগবে না। বাড়ি ভাড়া নাই, ঘরে খাবার নাই কিভাবে চলব বুঝতে পারছি না। পঞ্চগড় জেলায় ২৬৪ ও ১৬৬০ নামে দুটি সংগঠনের ৫/৬ হাজার শ্রমিক রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় থানার উপপরিদর্শক মো. কাইয়ুম আলী বলেন, সড়ক অবরোধ করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে চেষ্টা চলছে।