ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে প্রথম কার্গো ফ্লাইট পরিচালনা করল ইউএস-বাংলা এয়ারলাইনস। গত শনিবার ঢাকা থেকে রপ্তানি পণ্য নিয়ে ইউএস-বাংলার বিএস-২১৩ কার্গো ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। ব্যাংককে সূবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ১টায় ফ্লাইটটি অবতরণ করে।
এরপর ব্যাংকক থেকে ইউএস-বাংলার বিএস-২১৪ কার্গো ফ্লাইটটি রওনা দিয়ে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, বর্তমানে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের আকাশপথের পরিবহন যোগাযোগব্যবস্থা চরমভাবে বিঘ্নিত। একমাত্র ইউএস-বাংলার একটি মাত্র যাত্রীবাহী ফ্লাইট সপ্তাহের প্রতি শনিবার ঢাকা-গুয়াংজু রুটে পরিচালনা করছে। একই সঙ্গে করোনা দুর্যোগে দেশের আমদানি-রপ্তানি সচল রাখতে ইউএস-বাংলা এয়ারলাইনস সরকারের কাছে কার্গো ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি চেয়েছিল। পরে এপ্রিলের প্রথম সপ্তাহে কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি পায়।
মো. কামরুল ইসলাম জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বর্তমান অবস্থায় বিভিন্ন দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে করোনাকালে স্বাস্থ্যসেবা সচল রাখতে চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমদানি করা যাবে। এছাড়া জরুরি রপ্তানি পণ্যসামগ্রী, বিশেষ করে গার্মেন্টস, পচনশীল দ্রব্য শাকসবজি ইত্যাদি রপ্তানি করা যাবে ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে।