রণবীরের সঙ্গে কাকে বিয়ে দিতে চেয়েছিলেন ঋষি?

রণবীর কাপুর এখন আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন। ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে মহেশ ভাটের মেয়েকে মেনেও নিয়েছে কাপুর পরিবার। কিন্তু আপনি হয়তো জানেন না ঋষি অন্য একজনকে বিয়ে করতে বলেছিলেন রণবীরকে। আলিয়া ভাট নন তিনি!

ঘটনাটা ২০১৮ সালের। টুইটারে রণবীর ও তার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক আয়ান মুখার্জির একটি ছবি শেয়ার করেন ঋষি। তাদের বিয়ে করে ফেলার পরামর্শ দেন সেখানে। সদ্য প্রয়াত তারকা মজা করে ক্যাপশনে লেখেন, ‘বেস্ট ফ্রেন্ডস! তোমরা এখন বিয়ে নিয়ে কী ভাবছ? এটাই উপযুক্ত সময়।’

আয়ান মুখার্জির পরিচালনায় ‘ওয়েক আপ সিড’ নামের প্রশংসিত সিনেমায় অভিনয় করেছিলেন রণবীর, বিপরীতে ছিলেন কঙ্গনা সেন শর্মা। দ্বিতীয় সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র নায়কও রণবীর। প্রথম সিনেমায় রণবীর ও আয়ান ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হন। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যেত। ছুটি কাটাতে বিদেশেও গেছেন বিভিন্ন সময়। এখন তাদের সঙ্গে জুটেছেন আলিয়া ভাট। তাদের একদম অবিচ্ছেদ্যই বলা যায়।

নিউ ইয়র্কে ঋষি কাপুরের ক্যানসারের চিকিৎসায় সময় রণবীরকে সাহস জুগিয়ে গেছেন আলিয়া ও আয়ান। এমনকি বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর পর তারা সব সময় বন্ধুকে আগলে রেখেছেন। শেষকৃত্যসহ সব আনুষ্ঠানিকতায় রণবীরের পাশে ছিলেন আলিয়া ও আয়ান।

আলিয়া ও রণবীরের সম্পর্কের শুরু থেকে বিয়ে গুঞ্জন রয়েছে। কাপুর ও ভাট পরিবার প্রকাশ্যে নিজেদের সম্মতি জানিয়েছে। একাধিকবার খবর এসেছে, চলতি বছরই বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। তবে এখনো নিশ্চিত কোনো খবর আসেনি। তবে এটা নিশ্চিত যে, দুই তারকার চার হাত এক হলে খুবই খুশি হবে বলিউডের বিখ্যাত মুখার্জি পরিবারের ছেলে আয়ান।

এই তিন বন্ধু একসঙ্গে কাজ করেছেন একটি সিনেমায়। ‘ব্রহ্মাস্ত্র’ নামের কয়েক কিস্তির উচ্চাভিলাষী সিনেমাটি পরিচালনা করছেন আয়ান। আলিয়া-রণবীর ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি, ডিম্পল কাপাডিয়া ও মৌনি রায়। একাধিকবার সিনেমাটির মুক্তি তারিখ ঘোষিত হলেও শ্যুটিং শিডিউল ও ভিজ্যুয়াল ইফেক্টস নিয়ে জটিলতার কারণে পিছিয়ে যায়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে ৪ ডিসেম্বর।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ওয়াহিদ সুজন