ব্যবসায়ীর ১৩ লাখ টাকা ছিনতাই ছাত্রলীগ নেতার

পাবনায় এক ব্যবসায়ীর নগদ প্রায় ছয় লাখ টাকা ও আরও সাত লাখ টাকার চেক ছিনতাই করে পালানোর সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিন ও তার তিন অনুসারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো পাবনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিন (২৭), তার অনুসারী রানা হক (২৭) এবং শিপন হোসেন (২৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, রবিবার দুপুরে সাঁথিয়া এলাকার সুপরিচিত ব্যবসায়ী সিরাজুল ইসলাম নগদ পাঁচ লাখ পঁচাশি হাজার আটশত টাকা ও সাত লক্ষ টাকার চেক অগ্রণী ব্যাংকের আতাইকুলা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। পথে বৃহস্পতিপুর বাজার এলাকায় ভিড়ের মধ্যে রুহুল আমিন ও তার অনুসারীরা ছুরি দিয়ে আঘাত করে তার নিকট থেকে টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী সিরাজুলের চিৎকারে স্থানীয়রা রুহুল ও তার তিন সঙ্গীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ওসি আরও জানান, আটক যুবকদের আতাইকুলা থানায় আনা হয়েছে। তাদের নিকট থেকে নগদ চার লাখ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে আতাইকুলা থানায় ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজুল বাদী হয়ে মামলা করেছেন।

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ সহসভাপতির আটক হওয়ার ঘটনাকে দুঃখজনক অভিহিত করে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। এক্ষেত্রে, অপরাধে যুক্ত থাকার প্রমাণ পেলে তাকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হবে।