১২ জুন লিগ শুরু করতে চান লা লিগা সভাপতি

বিভিন্ন ক্লাবের পাঁচ ফুটবলার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেও জুনের ১২ তারিখে খেলা শুরু করতে চান স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

লিগ ব্রডকাস্টার মুভিস্টারের সঙ্গে আলাপকালে রবিবার তেবাস জানান, স্পেনে সবকিছু ‘পরিকল্পনামতো’ চলতে থাকলে এক মাসের ভেতরই বল মাঠে গড়াতে চান।

‘আমরা ১২ জুন আবার খেলা শুরু করতে চাই। কিন্তু বেশ কিছু বিষয়ের ওপর এটি নির্ভার করবে,’ জানিয়ে তেবাস বলেন, ‘যদি আমরা চলমান স্বাস্থ্য সতর্কতা মেনে চলি তাহলে সমস্যা হওয়ার কথা নয়।’

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, কভিড-১৯ রোগে স্পেনে ২৬ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ২৪ হাজার ৩৯০ জন।

এর আগে এপ্রিলের শুরুতে লা লিগা শুরুর তিনটি সম্ভাব্য তারিখ জানান তেবাস- ২৮ মে, ৬ জুন বা ২৮ জুন।

এখন বলছেন, ‘খেলোয়াড়দের ভেতর আক্রান্তের সংখ্যা খুব কম। তাছাড়া ম্যাচের আগে সবার পরীক্ষা করা হবে। খেলার ভেতর সংক্রমণের ঝুঁকি খুব কম। তাই জুনের মাঝামাঝি লিগ শুরু করতে চাই।’

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সব ক্লাবের মোট ২৫০০ খেলোয়াড়-কর্মকর্তার পরীক্ষা করা হয়েছে। এর ভেতর ৫ জন ফুটবলারের পাশাপাশি তিন কর্মকর্তার পজিটিভ এসেছে।

ফেডারেশনটি সিদ্ধান্ত নিয়েছে করোনাভাইরাসের কারণে লিগের খেলা যদি আর মাঠে না গড়ায় তাহলে বাকি ম্যাচ ছাড়াই ইতি টানতে হবে এবার। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মেসিরা হবেন চ্যাম্পিয়ন।