সেই আট অটোচালক এবার জমানো টাকা তুলে দিলেন করোনা তহবিলে

চট্টগ্রামের আনোয়ারায় বিনা ভাড়ায় রোগী আনা-নেওয়া করা সেই আট অটোরিকশা চালক এবার করোনা তহবিলে নিজেদের জমানো ২০ হাজার টাকা দান করেছেন।

সোমবার দুপুর ১২টায় তারা এ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের হাতে তুলে দেন।

প্রতি মাসে দেশবন্ধু মেডিকেল পরিবহন নামের সংগঠনে জমা করা এ টাকা তারা করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের বাসিন্দা দিলীপ দাশ প্রথমে নিজ ইউনিয়ন পরে পুরো উপজেলা থেকে সপ্তাহে একদিন রোগীদের হাসপাতালে নিয়ে যান বিনা ভাড়ায়। ২০১৪ সালের ২৬ মার্চ থেকে তিনি এভাবে বিনা ভাড়ায় রোগী আনা-নেয়ার কাজ শুরু করেন। পরে তার দেখাদেখি উপজেলার বিভিন্ন এলাকার আরও ৭ অটোরিকশা চালকও সপ্তাহের একদিন বিনা ভাড়ায় রোগী হাসপাতালে আনা-নেয়ার কাজ করেন।

অন্য সাত অটোরিকশা চালক হলেন- মারুফুল ইসলাম, আবদুল আলিম, রিপন কান্তি নাথ, নাজিম উদ্দিন, রূপণ সেন, হুমায়ূন কবির ও গোবিন্দ সেন।

দিলীপ দাশ বলেন, আমরা বিনা ভাড়ায় রোগী আনা-নেয়া করতে গিয়ে নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। তখন আমরা নিজেদের আপদকালীন সময়ে লাগানোর জন্য কিছু টাকা জমা করি। দেশের এ পরিস্থিতিতে ইউএনওর হাতে টাকাগুলো তুলে দিতে পেরে ভালো লাগছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, উপজেলার আট মানবিক অটোচালক ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা দিয়েছেন। টাকার অঙ্কটা ছোট হলেও তাদের উদ্যোগটি প্রশংসনীয়। এসব মানুষের কারণেই সমাজে ইতিবাচক বার্তা যায়।