এবার শ্রীমঙ্গলে বানরের গলাটিপে হত্যা, তিন জনের বিরুদ্ধে মামলা

বিষ প্রয়োগ করে ১৫ টি বানর হত্যার দায়ে একজন গ্রেপ্তারের ঘটনার পরপরই শ্রীমঙ্গলে একটি বানরকে গলায় তার পেঁচিয়ে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেল।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলাও করেছে মৌলভীবাজার বন বিভাগ। বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন- সাহেব আলী, জামাল মিয়া ও কুদ্দুছ মিয়া। তারা সকলে পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, বানর হত্যার ঘটনায় তদন্ত করে সত্যতা নিশ্চিত হওয়ার পর আদালতে গত ৫ এপ্রিল মামলার আবেদন করি। রবিবার সেটি আমলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৬ ও ৩৯ ধারায় তিনজনকে আসামি করে এই মামলা দায়ের করেছি। বানর হত্যার দায়ে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।

জানা যায়, গত ৩১ মার্চ একটি বানর পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে পশ্চিম লাইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়া গ্রামে চলে আসে। পরে বানরটিকে আটক করে কুদ্দুছ মিয়া, জামাল মিয়া ও সাহেব আলী মিলে গলায় লোহার চিকন তার পেঁচিয়ে গলাটিপে নির্মমভাবে হত্যা করে। বানরটিকে হত্যার নৃশংস ঘটনাটি ফেইসবুকে ভাইরাল হয়।

প্রসঙ্গত, মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যখাগদি এলাকা থেকে খাবারের সাথে বিষ মিশিয়ে ১৫ টি বানর হত্যার অভিযোগে শনিবার শাহানাজ বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।