ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আপন দুই চাচাতো ভাই মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৪৫) ও লোকমান মন্ডলের ছেলে অভি মন্ডল (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
গতকাল সোমবার দুপুরে শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি মো. বজলুর রহমান দেশ রূপান্তরকে জানান, ধুলিয়াপাড়া গ্রামে দুটি সামাজিক দল আছে। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। গত দেড় বছর আগে ওই গ্রামের মকবুল হোসেন মন্ডলের সমর্থকরা মারামারিকে কেন্দ্র করে মুকুল খাঁর সমর্থকদের নামে মামলা করে। সেই মামলা তুলে নিতে মকবুল মন্ডলের লোকজনকে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসত। তারা মামলা তুলে না নেওয়ায় মুকুল খাঁর সমর্থকরা প্রতিপক্ষ মকবুল হোসেন মন্ডল সমর্থক লোকমান হোসেন মন্ডলের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা করে। সে সময় তারা অভি ও লাল্টুসহ ৭ জনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু মন্ডল ও অভি মন্ডলকে মৃত ঘোষণা করেন। এ হত্যার ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি আরও জানান।
এ ঘটনার পর ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শ করেছেন।