করোনাভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা কর্মরত পত্রিকা বিক্রেতাদের (হকার) মাঝে খাদ্যসহায়তা দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবে এই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়েছে।
কালীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক তিতাস আলমের মাধ্যমে ১০ জন অস্বচ্ছল পত্রিকা বিক্রেতাদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও একটি করে সাবান দেয়া হয়। অসহায় হকারের এই দুঃসময়ে পাঁশে দাড়ানোর জন্য সাংবাদিক তিতাস আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদকে ধন্যবাদ জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, মরণঘাতী করোনাভাইরাসের থাবায় এখন সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাধারণত যারা দিন এনে দিন খায় এমন মানুষ সবেচেয়ে বেশি অসহায়। এই দুঃসময়ে খেটে খাওয়া ও অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খাদ্য সহায়তা বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন বার্তা টুয়েন্টিফোর ডটকম এর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নিয়াজ আহমেদ সিপন, ঢাকা টাইমস এর অঞ্চলিক প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুলসহ উপজেলার গণমাধ্যমকর্মীরা।